গৌরনদীতে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:০৮
গ্রেপ্তারের পর দাবিকৃত দুই লাখ টাকা উেকাচ না দেয়ায় পুলিশি নির্যাতনে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত দশটার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় কম্পিউটার ব্যবসায়ী শাহিন মোল্লা (২২) মারা যান। শাহিন উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের দুবাই প্রবাসী মোস্তফা মোল্লা’র পুত্র। হত্যার প্রতিবাদে ও নির্যাতনকারী পুলিশ অফিসারের শাস্তির দাবিতে গতকাল রবিবার দুপুরে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শাহিনের বড় ভাই মনির মোল্লা অভিযোগ করেন, গত আট জুন রাতে স্থানীয় সালতা বাজারে শাহিনের কম্পিউটারের দোকানের পাশ থেকে ডাসার থানার এসআই নাজমুল হাসান, শাহিন, মুকিত আকন ও শাহআলম চৌকিদারকে আটক করে থানায় নিয়ে যান। এরপর তাদের ছেড়ে দেয়ার জন্য টাকা দাবি করা হয়। মোট দাবিকৃত টাকার একটি অংশের বিনিময়ে মুকিত ও শাহআলমকে ছেড়ে দেয়া হলেও শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়। আদালতে পাঠানোর আগে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। শনিবার কারাগারে শাহিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানিয়েছেন, উেকাচ গ্রহণের অভিযোগ সঠিক নয়।