এনসিপিসিতে চ্যাম্পিয়ন হলো বুয়েট

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:২৭
ড্যাফোডিল জাতীয় কলেজিয়েট প্রেগ্রামিং কনটেস্ট ২০১৪তে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাক্স +৭ দল। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ওনিয়ন দল, দ্বিতীয় রানার-আপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাট-ব্যাটিয়ান এবং তৃতীয় হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রাইমেটিভ দল। ডিআইইউয়ের আয়োজনে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় গত ১৩ জুন ডিআইইউ মিলানয়তনে অনুষ্ঠিত হয় ড্যাফোডিল জাতীয় কলেজিয়েট প্রেগ্রামিং কনটেস্ট ২০১৪। প্রতিযোগিতায় দেশের ৫২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি সচিব এনআই খান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ। ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান বিচারক প্রফেসর ড. এম কায়কোবাদ, কনটেস্ট পরিচালক প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, এসিএম আইসিপিসির বাংলাদেশ কাউন্সিল প্রধান অধ্যাপক আবু লেইস হক প্রমুখ।