ব্রাজিলে বসেছে বিশ্বকাপ ফুটবলের ২০তম আসর। এ আসরে ৩২টি দেশ অংশগ্রহণ করছে। ফিফা র্যাংকিং অনুযায়ী প্রথমসারির দেশগুলো স্পেন, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল ও আর্জেন্টিনা ইত্যাদি। বাংলাদেশ একটি জনবহুল দেশ। কেউ কেউ এ বিশাল জনসংখ্যাকে দায় বলেও মনে করেন। উল্লিখিত বেশিরভাগ দেশে লোকসংখ্যা আমাদের দেশের তুলনায় অনেক কম। প্রতিবছরই বিশ্বকাপের আয়োজনের সময় আমাদের দেশের অগণিত ফুটবলপ্রেমী তাঁদের খেলার প্রতি যে আগ্রহ সেটা বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন। এবং এর জন্য কষ্ট ও আর্থিক ব্যয় করতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না। প্রায় প্রত্যেক বাসা-বাড়ির ছাদে, গাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাস্তার মোড়ে ইত্যাদি জায়গায় বিভিন্ন দেশের পতাকা পত পত করে উড়তে দেখা যায়। এতে বোঝা যায় আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বি। জাতীয় ফুটবল দলে এসব সোনার ছেলের মধ্য থেকে বাছাই করে এবং দক্ষ কোচ ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিশ্বখ্যাত ফুটবলার তৈরি করা সম্ভব। এ পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আগামী ২০২৬ সালে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে শিরোপা জিতবে বলে আমি বিশ্বাস করি।
আবুল হাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর
