সাভারের আশুলিয়ায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মেয়েটির সত্ বাবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো, পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার চরখালী গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৮), রংপুরের কাওনিয়া থানার গদাই গ্রামের ওসমান শেখের ছেলে মামুন ইসলাম (২২), বরিশালের কোতোয়ালি থানাধীন হিজলা গ্রামের গগন আলীর ছেলে নুরে আলম (২৫), গাইবান্ধার পলাশবাড়ি থানার হরিনাথপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে হাবিব (২০) এবং ধর্ষিতা তরুণীর সত্ বাবা গাইবান্ধার সাদুল্লাহপুর থানাধীন পশ্চিমখামার গ্রামের তাইজুল ইসলাম (৪০)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত শনিবার ঐ তরুণী তার খালার বাসা আশুলিয়ার জিরাবো থেকে কাঠগড়ায় ফেরার পথে তরুণীর সত্ বাবা ও সজিব নামে এক যুবক কৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে দেয়। পরে অটোরিকশাটি তরুণীকে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেলে সেখানে থাকা মামুন, নুর আলম ও হাবীব নামে তিন বখাটে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন রবিবার ওই তরুণী গণধর্ষণের অভিযোগ এনে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে তরুণীর সত্ বাবাসহ ৫ জনকে আটক করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
