মেসিকে নিয়ে লুকোচুরি

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৩৪
পাঠক, এতক্ষণে জেনে গেছেন আর্জেন্টিনা ও বসনিয়া হার্জেগোভিনার খেলার ফলাফল। তাই এটি রিও ডি জেনেরিওতে আর্জেন্টিনার খেলাপূর্ব সংবাদ সম্মেলনে যা ঘটলো তাই তুলে ধরা হচ্ছে। এর সঙ্গে মিল আছে ২০১১ সালে ঢাকায় ফিফার প্রীতি ম্যাচের আগের দিন রূপসী বাংলা হোটেলে আর্জেন্টিনার সংবাদ সম্মেলন ঘটনার। ওই সংবাদ সম্মেলনে লিওনেল মেসি আসবেন বলে সংবাদ কর্মীদের উপস্থিতিতে হল রুম ভরে গিয়েছিল। কিন্তু মেসি আসেননি। কোচ আন্দ্রেস সাবেলা তাকে আনেননি। সবার প্রত্যাশার বেলুনটা যেন সেকেন্ডেই ফুটো হয়ে গিয়েছিল। ব্রাজিলেও সেই একই কাজ করলেন সাবেলা। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। পুন:নির্মিত মারাকানার স্টেডিয়ামে প্রথম ম্যাচ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সংবাদ কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মারাকানা স্টেডিয়ামের ৩০০ সিটের অত্যাধুনিক প্রেস কনফারেন্স রুমে। কোচ সাবেলা রুমে প্রবেশ করা মাত্রই শুধু ক্যামেরার ফ্লাশের শব্দ। সবাই ধরে নিয়েছেন পেছনেই আছে মেসি। কিন্তু না মেসি নেই। আসলেন গোলকিপার রুমেরু। সবার মুখটা যেন কালো হলো। বিশ্বকাপ ফুটবলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নেই। তাও আবার কিনা আর্জেন্টিনা ফুটবল দলের। গোলকিপার রুবেরুর প্রতি কোনো আগ্রহই রইল না সাংবাদিকদের। সব প্রশ্ন গিয়ে সাবেলার টেবিলে আছড়ে পড়ল। সাবেলাও দারুণ বুদ্ধিমান মানুষ। ছিলেন মাঝ মাঠের খেলোয়াড়। কিভাবে প্রতিপক্ষকে ঠেকিয়ে আবার তাদেরই উপর আক্রমণ করা যায় সেটি তার ভালোই জানা। যে কারণে মেসি কেন সংবাদ সম্মেলনে আসলেন না সাবেলা এই প্রসঙ্গেই যেতে দেননি সাংবাদিকদের। মেসি যেভাবে মাঠে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন শত্রু দুর্গে তারই ওস্তাদ সাবেলাও সেভাবেই সাংবাদিকদের ডজ দিলেন। একটিও প্রশ্নের জবাব সরাসরি দেননি। যাও বলেছেন, তা সবই আকার ইঙ্গিতে। বসনিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা কিভাবে খেলবে জানতে চাইলে সাবেলার জবাব, ছেলেরা যেভাবে খেলতে চাইবেন সেভাবেই দল সাজানো হবে। ফরমেশনে কী হবে জানতে চাইলে সাবেলার উত্তর ‘এখনও অনেক সময় আছে।’ যুক্তরাষ্ট্রে বসনিয়ার বিরুদ্ধে চার ফরোয়ার্ড খেলেছিল। এবারও সেটা হবে কিনা। সাবেলা পাল্টা প্রশ্ন করলেন, বেশি ফরোয়ার্ড খেলালে কী বেশি গোল করা যায় ? সাংবাদিকরা হতাশায় এক জন আরেক জনের মুখের দিকে তাকাচ্ছিলেন। একজন সাংবাদিক জানতে চাইলেন আপনি ফরমেশন নিয়ে কী চিন্তা করেছেন ? ‘অনেক ধরনের চিন্তা করেছি। কিন্তু সিদ্ধান্ত নেইনি। আমি দেখবো খেলোয়াড়রা কিভাবে খেলতে চাইছে।’ আর্জেন্টিনাকে ফেভারিট বলা হচ্ছে। কিন্তু সাবেলা বললেন, ‘আমি ফেভারিটে বিশ্বাস করি না। একটা করে ম্যাচ খেলবো। এগিয়ে যাবো।’ ফিজিক্যাল নাকি ট্যাকটিক্যাল, কোনটির উপর সাবেলার আস্থা ? আর্জেন্টাইন কোচ বলেন, ‘টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং টেকনিক এই তিনটির ভারসাম্য রাখতে হয়।’ চতুর সাংবাদিকরা ভাবলেন বিতর্কিত প্রশ্ন করলে জবাব পাওয়া পাবে। দলের প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে গেলেন সাংবাদিকরা। কিন্তু ৬৯ বছরের এই মানুষটি ভেঙ্গে পড়ার মত নয়। প্রশ্ন করা হলো স্পেন ৫ গোলে হেরেছে আপনার মন্তব্য কি ? বললেন, ‘আমি দুই গোল দেখে ঘুমিয়ে পড়েছিলাম।’ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিলের বিতর্কিত পেনাল্টি পাওয়া প্রসঙ্গে কথা উঠলে সাবেলা বলেন, ‘ওরাও (রেফারি) মানুুষ। ভুল হতেই পারে। রেফারিদের উপর আস্থা রাখা উচিত। তাদেরকে বিশ্বাস করা উচিত।’ মেসি নিয়ে প্রসঙ্গ উঠলে সাবেলা বলেন, ‘মেসি ভালো খেলোয়াড়। অন্যদের উচিত হবে তার কাছ থেকে খেলাটা আদায় করে নেয়া।’ সংবাদ সম্মেলন করে মাঠে চলে গেলেন জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলা আর্জেন্টাইন কোচ। মেসি ঢুকলেন মাঠে, চার দিকে চোখ ফেরাচ্ছিলেন। প্রেস ট্রিবিউন থেকে খুব কাছে মেসিদের অনুশীলন দেখছিল সবাই। এই সেই স্টেডিয়াম যেখানকার গল্প হয়তো তিনি বহুবার শুনেছেন। শুনেছেন ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের কথা। আবার সেই মাঠেই ফাইনাল হবে। ব্রাজিলও স্বপ্ন দেখছে তারা ফাইনালে উঠবে। সঙ্গে আর্জেন্টিনাকে চায় ফাইনালে। ব্রাজিলবাসীর এই স্বপ্ন যদি সত্য হয় মেসি কী পারবেন মারাকানায় আরেকটা ১৯৫০ বিশ্বকাপের ফাইনাল ফিরিয়ে আনতে। বিশ্বকাপ ফুটবল আজকের খেলা জার্মানি-পর্তুগাল, রাত ১০টা ইরান-নাইজেরিয়া, রাত ১টা ঘানা-যুক্তরাষ্ট্র, শেষরাত ৪টা