জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল দেশ হিসেবে রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা একসঙ্গে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সিঙ্গাপুরে এই কর্মশালায় শিরীন শারমিন আরো বলেন, নতুন নতুন উদ্ভাবন নাগরিক সমস্যা সমাধানের পথ স্বচ্ছ ও সহজতর করছে। ডিজিটালাইজেশন তথ্য-উপাত্তের মাধ্যমে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এ প্রক্রিয়া সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংসদে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের চেয়ারম্যান গোপিনাথ পিল্লাই, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, এনইউএস-এর ডাইরেক্টর অশোক কুমার। এর আগে স্পিকার চার দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন।
