কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে ঢাকা আসছেন আজ

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৩৬
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তিন দিনের সরকারি সফরে আজ সোমবার ঢাকা আসছেন। তার সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, উন্নয়ন ও বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া কৃষি খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্বাক্ষরের কথাও রয়েছে। এ সব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী হুন সেন সকাল ৯-৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে দেশটির উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বন ও মত্স্যমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীসহ মোট ২২ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে। বংলাদেশে এটিই কম্বোডিয়ার উচ্চ পর্যায়ের প্রথম সফর। সফরসূচি অনুযায়ী কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে বিমান বন্দর থেকে হোটেল সোনারগাঁয়ে নিয়ে আসা হবে। সেখান থেকে দুপুর তিনটার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি একটি বৃক্ষও রোপণ করবেন। এরপর তিনি শহরের বৌদ্ধ বিহার পরিদর্শনে যাবেন। পাঁচটার দিকে হুন সেন সাভার ইপিজেড পরিদর্শনে যাবেন। এদিন রাতে তিনি এফবিসিসিআইয়ের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। পরদিন ১৭ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হোটেল সোনারগাঁয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সকাল ১১টার দিকে ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন হুন সেন। এদিন রাতে সোনারগাঁও হোটেলে তার সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। তিনদিনের সফর শেষে হুন সেন বুধবার সকালে বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন। বাংলাদেশ আশা করছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো প্রসারিত ও জোরদার হবে। ২০০৬ সালে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগাযোগ বৃদ্ধিতে ভিসা সহজীকরণের জন্য জোর চেষ্টা চালানো হবে। জানা যায়, কম্বোডিয়াতে মূলত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, লোহা ও লৌহজাত পণ্য এবং সীমিতভাবে তৈরি পোশাক রপ্তানি করে থাকে বাংলাদেশ।