সিলেটে হকারদের দখলে ফুটপাত

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:১০

এবারো ঈদকে কেন্দ্র করে সিলেট নগরীর ফুটপাত ও সড়ক হকারদের দখলে। এতে চলাফেরায় পথচারীরা পড়ছেন চরম দুর্ভোগে। কিনব্রিজ মোড় থেকে আম্বরখানা পয়েন্ট, বন্দরবাজার থেকে সুবহানীঘাট পয়েন্ট পর্যন্ত ফুটপাতে দোকান খুলে বসেছেন হকাররা। এদিকে জিন্দাবাজার পয়েন্ট থেকে জেইলরোড পয়েন্ট পর্যন্ত কোনো জায়গা খালি নেই। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিক্রি। ফুটপাতের অধিকাংশ ক্রেতা নিম্ন আয়ের মানুষ। তবে মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদেরও ফুটপাত থেকে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। ১৫ রমজানের পর থেকে দখলদারিত্ব শুরু হয়। জালালাবাদ পার্ক, জেলা পরিষদ, জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাগেইট এলাকা থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত প্রায় সব জায়গাই দখল হয়ে গেছে। ফুটপাত মুক্ত রাখতে আদালতের কঠোর নির্দেশনা থাকলেও সব সময় তা পালন করা হচ্ছে না।

সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলে, এ সময়টাতে দরিদ্র ব্যবসায়ীদের মানবিক কারণে সুযোগ দিতেই হয়। তাই আমরা সবাই কিছুটা উদার ভূমিকায়। তবে ঈদের পরপরই  অ্যাকশন শুরু হবে। ফুটপাত মুক্ত করা হবে নগরী।