দ্বিতীয় ধাপের ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম গতকাল রবিবার শুরু হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত ২১৯টি উপজেলায় ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, যারা বাদ পড়েছেন কোনো সমস্যা নেই। পরবর্তীতে বা যে কোনো সময় সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন। প্রথম ধাপে ১৮১ উপজেলায় গত ১৫ থেকে ২৮ মে পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহকারীরা। শেষ ধাপে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১৫ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সারাদেশে এবার ৪৬ লাখ নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। যাদের বয়স ২০১৫ সালের ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হবে তারাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন।
