তখনও নগরীর চিরচেনা রূপ ফুটে ওঠেনি। রাস্তাগুলো প্রায় ফাঁকা। আকাশে মেঘের দেখা নেই, বৃষ্টি তো দূরের কথা। এমন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিজন চন্দ্র মিস্ত্রীর বাদ্যযন্ত্র সুর ছড়াতে শুরু করে। গতকাল রবিবার সেই সুরের মাধ্যমে চারিদিক বিদীর্ণ করে রিনিঝিনি মূর্ছনায় স্বাগত জানান হল বর্ষা ঋতুকে। তৃষিত হূদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্রপল্লবে নতুন প্রাণে নতুন গানের সুর নিয়ে এসেছে বর্ষা। তাই গান, কবিতা, নাচ আর সুরের মূর্ছনায় তাকে বরণ করে নিল উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদ।
প্রতিবছরের মতো গতকালও বকুলতলার এই বর্ষা বরণ উত্সবে আমন্ত্রিত অতিথিরা গান, কবিতা আর নাচে মুগ্ধ হলেও আক্ষেপ করেন বৃষ্টি ছাড়াই বর্ষার আগমনে। গ্রামীণ জীবন থেকে ঋতুভিত্তিক উত্সবগুলো হারিয়া যাওয়ার সমালোচনা করে তারা বলেন, গ্রাম-বাংলায় এই উত্সবগুলো জাতির প্রয়োজনেই ফিরিয়ে আনতে হবে। উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সঞ্চালনায় সংক্ষিপ্ত এই বর্ষা কথনে অংশ নেন বরেণ্য শিল্পী হাশেম খান, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ রেজাউল করিম সিদ্দিক রানা, ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ এবং কৃষক আইউব আলী।
সকাল সাতটায় শুরু হয় বর্ষা উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। বিজন চন্দ্র মিস্ত্রীর যন্ত্রসঙ্গীত পরিবেশনার পর হ্যাপি হোমস-এর পরিবেশনায় দলীয় নৃত্য পরিবেশন করা হয়। অগ্নিবীণা শিল্পকলা বিদ্যালয়, উদীচীর গেণ্ডারিয়া, পল্লবী ও মিরপুর শাখার শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন করে। এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী ও নিহারিকা পরিবেশন করেন উচ্চাঙ্গ সঙ্গীত। মেঘদূত থেকে কবিতা আবৃত্তি করে শোনান বরেণ্য আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচী’র সহ-সভাপতি মাহমুদ সেলিমের সঞ্চালনায় সঙ্গীত ও আবৃত্তি আড্ডা বসে। এতে অংশ নেন সালমা আকবর, আজিজুর রহমান তুহিন, ছায়া কর্মকার, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম ময়না, বিমান চন্দ্র বিশ্বাস, মহিউজ্জামান চৌধুরী, মহুয়া মঞ্জরী জয়িতা, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ সঙ্গীত শিল্পী। এছাড়া আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ ও বেলায়েত হোসেন আবৃত্তি করেন।
উত্সবের শেষ পর্বে ‘বর্ষা ঘোষণা’ পাঠ করবেন উদীচী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আশরাফুল আলম, রিমিলা করিম, বিপ্লব রায়হান প্রমুখ। দলীয় পরিবেশনায় অংশ নেয় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সংসদ।
