জলবায়ু ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:১১

জার্মানির বার্লিনে আগামী ৪ জুন অনুষ্ঠেয় জলবায়ু ও নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এসময় বাংলাদেশসহ এ অঞ্চলের প্রধান দুইটি সমস্যা জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার ভয়াবহতা এবং এ অঞ্চলে এর প্রভাব বিষয়ে তিনি বক্তব্য প্রদান করবেন।

বার্লিন জলবায়ু ও নিরাপত্তা সম্মেলন একটি ফোরাম যার লক্ষ্য জলবায়ুনীতি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক নীতির উন্নয়ন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি প্রতিরোধমূলক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।

এছাড়া আগামী ৫ জুন অনুষ্ঠেয় ৪র্থ জার্মান-এশিয়া বাণিজ্য সংলাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংলাপের মাধ্যমে জার্মান ও এশিয়ার উদ্যোক্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের মধ্যে ঘনিষ্ঠতা স্থাপনে সহায়ক হয়। সংলাপে মুক্ত বাণিজ্য, উদ্ভাবনী প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।