পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মহাসাগর বিষয়ক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘আওয়ার ওশেন’ আজ সোমবার শুরু হচ্ছে। মূলত মহাসাগরের প্রতিবেশ রক্ষায় বৈজ্ঞানিক ধারণার পর্যবেক্ষণ ও সকল পর্যায় থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ৮০টিরও বেশি দেশের বিজ্ঞানী, মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় চারশ’ জন অংশ নিচ্ছেন। সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সম্মেলনে টেকসই মত্স্য শিকার, সামুদ্রিক দূষণ এবং মহাসাগরের অম্লত্ব (এসিডিফিকেশন) রোধ বিষয়ে জোর দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লয় হেনডারসন সম্মেলন কক্ষে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথমদিন স্বাগত বক্তব্য রাখবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন কিরিবাতির প্রেসিডেন্ট আনোতে তং। আগামী প্রজন্মের জন্য মহাসাগর রক্ষা করাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
সম্মেলনে অন্যান্যের মধ্যে মোনাকোর প্রিন্স আলবার্ট দ্বিতীয়, কিরিবাতির প্রেসিডেন্ট আনোতে তং, চিলির পররাষ্ট্রমন্ত্রী হেরাল্ডো মুনোজ, মার্শাল দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী টনি ডেব্রুম, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককালি, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বর্গ ব্রেন্ডে, টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম প্রমুখ অংশগ্রহণ করছেন।
জন কেরির এক ব্লগের বরাত দিয়ে হাফিংটন পোস্টে বলা হয়, সন্মেলনে কেরি তার বক্তব্যে অবৈধ মত্স্য শিকার, আবর্জনা নিক্ষেপের মতো বিষয়গুলো উল্লেখ করে বেসরকারি খাতের সহযোগিতায় দেশগুলোকে ব্যবস্থা নেয়ার আহবান জানাবেন।
এদিকে সম্মেলনে যোগ দিতে গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মো. আব্দুল মুহিত ও প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা। দুইদিনের সম্মেলনে যোগদানের পাশাপাশি ১৮ জুন পরিবেশ মন্ত্রী মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দূতাবাস আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন। ২৬ জুন পরিবেশ মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
