বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জেবুন্নেছা আফরোজ বিজয়ী

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৪৫
বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ। ১৫৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট। গতকাল রাত আটটায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। গতকাল রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ-নৌকা এবং বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন-টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন ভোট কেন্দ্রে বিএনএফ প্রার্থীর এজেন্ট না থাকায় অধিকাংশ কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদানের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি ছিল না। কর্মী-সমর্থকদের মাঝেও নির্বাচন নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। বিজয়ী হওয়ার পর জেবুন্নেছা আফরোজ ভোটারদের অভিনন্দন জানিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত হোসেন হিরনের অকালমৃত্যুতে এ আসনটি শূন্য হয়। ভোট দিতে পারেননি বিএনএফ প্রার্থী উপ-নির্বাচনের মাত্র দু’জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ ভোট দিলেও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটন নিজেই ভোট দিতে পারেননি। তিনি বরিশাল সদর আসনের ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি বলে জানা গেছে। এ উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেও পরবর্তীতে তাকে আর বরিশালে দেখা যায়নি। তবে গতকাল তিনি নির্বাচন সম্পর্কে মোবাইল ফোনে বলেন, এ নির্বাচন অবৈধ। নিজ দল বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদকে বেঈমান উল্লেখ করে তিনি বলেন, তার কারণেই উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আমার এ অবস্থা হয়েছে।