চাষাঢ়া বোমা হামলা দিবস আজ

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৪৬
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। চাঞ্চল্যকর এ বোমা হামলার ঘটনায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। আহতদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন। নৃশংস এই বোমা হামলার ঘটনা মনে পড়লে এখনো শিউরে ওঠেন নারায়ণগঞ্জের মানুষ। এই ঘটনায় দায়ের করা দুইটি মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় এখন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। গত ১৩ বছর ধরে নিহতের পরিবারের লোকজন চোখের অশ্রু ফেললেও তাদের অনেকের অভিযোগ, এ ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল রাজনীতি করে আসছে। বোমা হামলায় নিহত ২০টি পরিবারের স্বজনদের কান্না আজো থামেনি। রাজনৈতিক কূট-কৌশলের ফাঁদে মামলা-পাল্টা মামলায় আপনজন হারিয়েও মামলা করতে পারেননি স্বজনরা। সেদিন নিহত হয়েছিল শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী, দুই সহোদর সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস আকতার হোসেন ও সঙ্গীত শিল্পী মোশাররফ হোসেন মশু, সঙ্গীত শিল্পী নজরুল ইসলাম বাচ্চু, ফতুল্লা থানা আওয়ামী লীগের তত্কালীন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভাসানী, নারায়ণগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বি এম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুর রহমান সবুজ মোল্লা, মহিলা আওয়ামী লীগ নেত্রী পলি বেগম, ছাত্রলীগ কর্মী স্বপন দাস, কবি শওকত হোসেন মোক্তার, পান সিগারেট বিক্রেতা হালিমা বেগম, সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড মেম্বার রাজিয়া বেগম, যুবলীগ কর্মী নিধু রাম বিশ্বাস, আব্দুস সাত্তার, আবু হানিফ, এনায়েতউল্লাহ স্বপন, আব্দুল আলীম, শুক্কুর আলী, স্বপন রায় ও অজ্ঞাত এক মহিলা। এদিকে বোমা হামলার ঘটনায় নিহত শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পির ১৩তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে শহীদ বাপ্পি স্মৃতি সংসদ সেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।