বাকৃবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৪৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গতকাল রবিবার ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবন ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছে ২য় বর্ষের শিক্ষার্থীরা। গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা জমায়েত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক বন্ধ করে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এসময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষ করে শিক্ষার্থীরা আবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের নোটিস ছাড়াই শুধুমাত্র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপর অতিরিক্ত ১২শ টাকা সেমিস্টার ফি চাপিয়ে দিয়েছে। সেই সাথে বেশ কয়েকটি খাতে ফি বর্ধিত করা হয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সেমিস্টার ফি সহ সকল ধরনের বর্ধিত ফি বাতিলের দাবিতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে গত এক সপ্তাহ ধরে লাগাতার আন্দোলন করে আসছে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে ফি বাড়ানোর ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।