মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:১১

মতলব দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত রবিবার ইফতারের পূর্বে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় ইফতারের পূর্বে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মজুমদার বাড়ির মোস্তফা মুন্সির বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময় মিলন বেগম স্টিলের আলমিরা থেকে রক্ষিত স্বর্ণালংকার আনতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের খবর শুনে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয় এবং অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে।