বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আইটিইই বিষয়ক সেমিনার

আপডেট : ১৬ জুন ২০১৪, ১৯:৫৩
বাংলাদেশের আইটি ব্যবসায় দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইসিটি বিশেষজ্ঞগণ। গত ১৫ জুন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশে আইটিইইর সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তারা। জাপান আইটি সার্ভিসেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জাইসা) সহযোগিতায় বিডি-আইটেক ও বেসিস আয়োজিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, আইপিএর প্রধান উপদেষ্টা সিন সাকাগুচি, বেসিসের সভাপতি শামীম আহসান, আইটিইইর প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন ও জাইকার আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া। আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে এই পরীক্ষা পদ্ধতি চালুর ফলে দেশের আইটি পেশাজীবীরা তাদের দক্ষতার পরিমাপ করতে পারছেন এবং এই সার্টিফিকেট অর্জনের ফলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। এই সার্টিফিকেশন আমাদের আইটি পেশাজীবী তৈরিতে বড় ভূমিকা রাখবে বলেই আমরা আশা করি।’