ব্যাংকে টাকা জমা দিতে যাবার পথে একজন কর্মচারীকে আটক করে তার বিরুদ্ধে ফেনসিডিল পাচারের অভিযোগ আনার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। আটক নুর এন্টারপ্রাইজের কর্মচারী শহিদকে না ছাড়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
গতকাল সোমবার দুপুর দেড়টায় ভোমরার পাঁচটি শ্রমিক কর্মচারী সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভোমরা বন্দরে বিক্ষোভ সমাবেশ করেছেন।
ভোমরা সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি পরিতোষ ঘোষ জানান, গতকাল সকালে নুর এন্টারপ্রাইজের কর্মচারী শহিদ চার লাখ টাকা নিয়ে সাউথ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় ভোমরার বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে তিন বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে প্রচার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ভোমরা বন্দরে কর্মরত কর্মচারী অ্যাসোসিয়েশন, লেবার অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, হ্যান্ডলিং শ্রমিক অ্যাসোসিয়েশন ও লেবার অ্যাসোসিয়েশন (২২ নম্বর) এর শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। পরে তারা ভোমরা বন্দরে কর্মবিরতি ঘোষণা করেন। এরপর দুপুর দেড়টায় আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস বন্ধ করা ছাড়াও ভারতীয় গাড়ি প্রবেশ বন্ধ করে দেন তারা।
