বগুড়ায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২০:৫০
বগুড়ায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে মুক্তিপণের দাবিতে অপহূত আব্দুল মজিদ পুটু (৪৫) নামের একজনকে পিটিয়ে এবং সাজ্জাদ মোল্লা (৪২) নামের অপরজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পুটু হত্যায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে। রবিবার রাতে এই দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । নিহত পুটু বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে এবং সাজ্জাদ নাটাইপাড়া কৃষিফার্ম এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। থানা পুলিশ জানায়, রবিবার দুপুরে পারিবারিক কাজে পুটু বগুড়া শহরে গেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে পুটুর মোবাইল থেকে এক ব্যক্তি তার ভাইয়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। তার ভাই বিষয়টি বগুড়ার ডিবি পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ অপহূত ব্যক্তিকে উদ্ধারের তত্পরতা শুরু করে। দুর্বৃত্তরা বিষয়টি টের পেয়ে রাতে পুটুকে পিটিয়ে সেউজগাড়ি আমবাগানে ফেলে যায়। রাতে হাসপাতালে মারা যান পুটু। অপরদিকে সাজ্জাদ বেশ কয়েক বছর আগে বিয়ে করলেও তার কোন সন্তান নেই। এ কারণে প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি গোপনে আবার বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর পক্ষের লোকজনের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান, পুটু হত্যার বিষয়টি গোয়েন্দা পুলিশ এবং সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনা থানা পুলিশ তদন্ত করছে।