অবিলম্বে আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থনসহ ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০’ অনুমোদনের দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলো। তারা বলেছে, শ্রম আইন সংশোধন করে এতে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিকদের মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস ও ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ শীর্ষক আইএলও কনভেনশন অনুসমর্থনের তিন বছর পূর্তি উপলক্ষে র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ শীর্ষক আইএলও কনভেনশন গ্রহণের তিনবছর পূরণ হলেও বাংলাদেশ এখনও এই কনভেনশন অনুসমর্থন করেনি। মানববন্ধন ও র্যালি কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন, নেটওয়ার্কভুক্ত মানবাধিকার সংগঠন ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৬ জুন বাংলাদেশসহ বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস’ হিসেবে পালন করেছে।
