জাপান, ফিনল্যান্ড ও সৌদি সফরে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন আজ

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের উদ্দেশে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। সফরের প্রথমে প্রধানমন্ত্রী জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। তিনি সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। শেখ হাসিনা সেখানে তাঁর সম্মানে বাংলাদেশি কমিউনিটির দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া তিনি হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন।

জানা গেছে, আজ সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। জাপানের সফর শেষে তিনি জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মক্কাতে ৩১ মে ‘মক্কা সামিট: টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখন প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি।