বগুড়া-৬ উপ-নির্বাচন ধানের শীষ পাচ্ছেন জিএম সিরাজ

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:৩১

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে অপারগতা প্রকাশ করার পর বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক জিএম সিরাজ। আজ মঙ্গলবার  দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জিএম সিরাজ বলেন, নির্বাচনের জন্য আমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। গতকাল বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে লড়তে আর কোনো সমস্যা থাকবে না।

উল্লেখ্য, গত ৮ মে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গতকাল ২৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, আগামী ৩ জুন প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ৪ জুন এবং ২৪ জুন ভোট অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে অংশ নেওয়ার জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ  পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন খালেদা জিয়ার কাছে মনোনয়নপত্রে স্বাক্ষর করার জন্য পাঠানো হলে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দেন। ফলে চারজনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই চারজন হলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। এদের মধ্যে গতকাল মাহবুবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।