আর্জেন্টিনা ভালো খেলেনি স্বীকার করলেন মেসি

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১০
বিশ্বকাপ ফুটবলের মূল সংবাদ সম্মেলনেও এতো সাংবাদিকের উপস্থিতি দেখা যায় না। যতটা থাকে ব্রাজিল বা আর্জেন্টিনার ম্যাচে। ম্যাচের যেমন আলাদা টিকিট লাগে, তেমনি সংবাদ সম্মেলনে ঢুকতে হলেও টিকিট লাগে। টিকিট নিয়ে ঢুকতে ঢুকতে ততক্ষণে আর্জেন্টিনার কোচ আলে জান্দ্রে সাবেলা কথা বলা শুরু করে দিয়েছেন। সবার কানে ‘হেড ফোন’। যা বলেন সেটা সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে যাচ্ছে। ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সাবেলা এবং পরে মেসি দু’জনই জানালেন: আর্জেন্টিনা ভালো খেলেনি। আমাদের আরো উন্নতি করতে হবে। আর্জেন্টিনা-বসনিয়া ম্যাচের পর মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেলা বলেন, ‘আর্জেন্টিনা প্রথমার্ধে ভালো খেলেছে। বলের প্রচুর মুভ ছিল। কিন্তু পোষ্টে শট করতে ব্যর্থ হয়েছে ছেলেরা।’ ম্যাচে বসনিয়া ভালো খেলেছে। আর্জেন্টিনাকে ঘাম ছুটিয়ে দিয়েছে। কিন্তু কথাটা সরাসরি স্বীকার না করে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন সাবেলা, ‘ম্যাচটা নিয়ন্ত্রণ করতে আমাদের পরিশ্রম করতে হয়েছে। আমাদের মধ্যে খেলাটা ক্লোজ ফাইট হয়েছে।’ খেলায় ব্রাজিলিয়ানরা বসনিয়াকে সমর্থন করেছে। এটা ম্যাচে সমস্যা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে সাবেলা জানান, এটা আমাদের জন্য ভালো হয়েছে। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-৫-২ ফরমেটে খেলেছে। যখন গোল আদায় করতে পারছিল না তখন হিগুয়েনকে মাঠে নামানো হয়। ফরমেট পরিবর্তন করে ৪-৩-৩ করা হয়। আর তাতেই সফলতা পেয়েছেন বলে মনে করেন সাবেলা। বললেন, ‘আমরা যেটি সব সময় খেলি। সেটা খেলতে পেরেছি এবং রেজাল্ট পেয়েছি। হিগুয়েন মাঠে নামার পর মেসি সাপোর্ট পেয়েছে। যার কারণে মেসি গোলও পেয়েছে।’ চার বারের বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মেসি নিয়ে কথা উঠতেই সাবেলা বলেন, ‘মেসি বিশ্বসেরা ফুটবলার। তার সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা রয়েছে। আপনারা দেখবেন হিগুয়েন মাঠে ঢোকার পর মেসি যেন আরো বদলে গিয়েছিল।’ সাবেলাদের কথা হচ্ছে ম্যাচ জিতেছি। এটাই অনেক বড় কথা। বললেন, ‘প্রথম ম্যাচ সব সময় কঠিন। টেনশন থাকে। জয় দিয়ে শুরু করা অন্য রকম আনন্দের। আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে ফিলিংসটা ভালো।’ আর্জেন্টাইন অধিনায়ক মেসি সংবাদ সম্মেলনে এসে খুব বেশি সময় দেননি। বিশ্বকাপ ফুটবলে এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন। ছিলেন মাত্র এক দেড় মিনিট । এরই মধ্যে সাংবাদিকদের হাজারো প্রশ্ন। কিন্তু এতো উত্তর দিতে পারলেন না মেসি। মেসির কথা শুনে মনে হলো সাবেলার শিখিয়ে দেয়া কথাই যেন বলে গেলেন। একই সুরে মেসি বললেন, ‘আমরা ম্যাচ জিতেছি এটাই বড় কথা। এই ধরনের ম্যাচে রেজাল্ট পাওয়াই মূল কাজ। কারণ আমাদের দর্শক খুব ক্রেজি। তারা জয় ছাড়া অন্য কিছু বুঝতে চায় না। তবে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমরা খুব বেশি ভালো খেলিনি। বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করতে হবে।’ কথাগুলো বলেই কোচ সাবেলার ইঙ্গিতে মুখ রক্ষার সংবাদ সম্মেলন থেকে ছুটে বেরিয়ে গেলেন মেসি। বিশ্বকাপ ফুটবল আজকের খেলা বেলজিয়াম-আলজেরিয়া, রাত ১০:০০ ব্রাজিল-মেক্সিকো, রাত ১:০০ রাশিয়া-দক্ষিণ কোরিয়া, রাত ৪:০০