ওয়াশিংটনে মহাসাগর বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগে ওয়াশিংটনে প্রথমবারের মতো মহাসাগর বিষয়ক ‘আওয়ার ওশেন’ আন্তর্জাতিক সম্মেলন গতকাল সোমবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন জন কেরি। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় চারশ’ বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন তিনি। এই সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আগামী প্রজন্মের জন্য মহাসাগর রক্ষা করাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। মহাসাগরের প্রতিবেশ রক্ষায় বৈজ্ঞানিক ধারণার পর্যবেক্ষণ ও সকল পর্যায় থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বক্তারা টেকসই মত্স্য শিকার, সামুদ্রিক দূষণ এবং মহাসাগরের অম্লত্ব (এসিডিফিকেশন) রোধ বিষয়ে জোর দিয়েছেন। সম্মেলনে মোনাকোর প্রিন্স আলবার্ট দ্বিতীয়, কিরিবাতির প্রেসিডেন্ট আনোতে তং, চিলির পররাষ্ট্রমন্ত্রী হেরাল্ডো মুনোজ, মার্শাল দ্বীপপুঞ্জের পররাষ্ট্রমন্ত্রী টনি ডেব্রুম, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককালি, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বর্গ ব্রেন্ডে, টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম প্রমুখ অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। এদিকে ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সম্মেলনে যোগদানের পাশাপাশি ১৮ জুন বুধবার শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিন তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক নিকোলাস ডিন, কৃষি মন্ত্রণালয়ের অধীন মার্কিন ফোর্সেস সার্ভিসের সহযোগী প্রধান মেরি অগনার, মার্কিন পরিবেশ রক্ষা বিভাগের আন্তর্জাতিক পানি বিষয়ক উপদেষ্টা সাশা কু-ওশিমা (টিবিসি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসাগর, পরিবেশ ও বিজ্ঞান ব্যুরোর উপ সহকারী মন্ত্রী ড্যানিয়েল রিফসনাইডারের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার তার সম্মানে সিডিএ আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন তিনি। ২৬ জুন পরিবেশ মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।