জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম নামের এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। ফেনসিডিল সংরক্ষণ ও সেবনের অভিযোগে স্থানীয় বিজিবির হাতে আটককৃত জহুরুলকে গত ১৪ জুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর আট মাসের সাজা প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।
পঞ্চগড় জেলা কারাগারের সুপার জয়নুল উদ্দিন জানান, গত রবিবার রাতে জহুরুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জহুরুলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, বিজিবি সদস্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জহুরুলকে আটক করে ফেনসিডিলের মামলায় জড়িয়ে তাকে নির্মমভাবে মারপিট করে।এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জহুরুলের স্ত্রী রেজিয়া খাতুন জানান, স্থানীয় বিজিবি, ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দাখিল করতে গেলে পুলিশ এজাহার গ্রহণ করেনি।
