জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার অনুষ্ঠানে যেতে পারেননি দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গত কয়েকদিন ধরে জাপার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়েছিল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এরশাদ উপস্থিত থাকবেন। এমনকি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও বলা হয়েছিল, ‘প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে এরশাদ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’ তবে শেষ পর্যন্ত অসুস্থতার কারণে অনুষ্ঠানে এরশাদ যাননি।
অনুষ্ঠানে সভাপতিত্বকারী জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামীতে জাপায় কেউ একক নেতৃত্ব দেবে না। সবার মত নিয়ে পার্টি চলবে। সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঠিক করা হবে সবার সমন্বয়ে। দলের সফলতা-ব্যর্থতাও হবে সবার। ব্যক্তিস্বার্থ উত্সর্গ করে দেশ ও মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করতে হবে। আর যেসব তরুণ এই লক্ষ্য সামনে রেখে রাজনীতি করছেন, তাদেরই জাপার নীতি-নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা রাজনীতিতে অর্থলগ্নি করে কড়ায়-গণ্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন। রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি থেকে মুক্তি চায়। দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
