গল্প নয় সত্যি

স্কুটার থাকবে ব্যাগের মাঝে

আপডেট : ১৭ জুন ২০১৪, ১৯:৫২
হয়তো জরুরি প্রয়োজনে নিজের বাইক, গাড়ি, সাইকেল বা স্কুটার চালিয়ে কোথাও গিয়েছেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর আপনি যে আপনার ব্যক্তিগত বাহনটি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা পাবেন তার নিশ্চয়তা দেওয়া মুশকিল। তাছাড়া আপনার সাইকেল বা স্কুটারখানা যে কাজ শেষে নির্ধারিত জায়গাতেই আবার দেখতে পাবেন, অর্থাত্ আপনার অলক্ষ্যে সেটি যে চোরের হস্তগত হবে না তেমনটাও নিশ্চিত করা মুশকিল। তবে অদূর ভবিষ্যতে আপনার এমনতর অনেক সমস্যারই হয়তো সমাধান করে দিতে পারে যুক্তরাজ্যের সাউদাম্পটনের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ূয়া জর্জ মেবে’র ডিজাইন করা একটি বাহন। মূলত পরিকল্পিত উপায়ে ডিজাইন করা কতগুলো অ্যালুমিনিয়ামের অংশ দিয়ে জর্জ মেবে এমন একটি বহনযোগ্য স্কুটার তৈরি করে দেখিয়েছেন যেটিকে অনায়াসেই ভাঁজ করে একটি এ-ফোর কাগজের পৃষ্ঠার আকারে ছোট করে ফেলা যায়। আর বাহনটির ওজন পাঁচ কেজিরও কম হওয়ায় এটি অনায়াসে বহন করা যায় হাতব্যাগ বা ল্যাপটপের ব্যাগের মতো ছোট পরিসরেও। মূলত অন্ধদের ছড়ি যেভাবে একটি সুতার সাথে সংযুক্ত অবস্থায় চট করে ভাঁজ করা বা পূর্ণ আকারে নেওয়া যায় ঠিক সে রকম করেই জর্জের এই বহনক্ষম স্কুটারটিকে কাজে লাগানো যায়। জর্জ জানিয়েছেন, অ্যালুমিনিয়ামের তৈরি এই বাহনটির বিভিন্ন অংশগুলো এমনভাবে একটি কেবল দিয়ে সংযুক্ত যেটির সাহায্যে এটিকে ভাঁজ করা অবস্থা থেকে খুব সহজেই চলনক্ষম স্কুটারে পরিণত করা যায় এবং এটি খুব ভালোভাবেই একজন পূর্ণবয়স্ক মানুষের ভার বহন করতে পারে। বলা বাহুল্য, জর্জের এই যুগান্তকারী উদ্ভাবনটি ইতোমধ্যেই সাউদাম্পটনের গন্ডি পেরিয়ে গোটা দুনিয়ার উদ্ভাবনমনষ্ক মানুষদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে লন্ডন সাউথব্যাংক ইউনিভার্সিটির শেপ প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ডিজাইন শো’তে প্রদর্শিত এই স্কুটারটি জয় করে নিয়েছে ধাতুর সৃষ্টিশীল ব্যবহার বিষয়ক পাওয়ার অব অ্যালুমিনিয়াম পুরস্কার ও এক হাজার পাউন্ড মূল্যমানের প্রাইজমানি। মজার বিষয় হলো, বহনযোগ্য এই স্কটারটির সম্ভাব্য বিক্রয়মূল্যও কিন্তু ধরা হয়েছে এক হাজার পাউন্ড।