কোটালীপাড়ায় এনজিও ফাউন্ডেশনের সবজি বীজ বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন কবলিত এলাকায় দুর্যোগ মোকাবিলায় ঝুঁকি হ্রাসে পরিবেশ উন্নয়ন ও খাদ্য সহায়তা প্রকল্পে সহযোগিতায়, প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়নে দরিদ্রদের মাঝে সবজি বীজ ও মুরগি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুয়াগ্রাম ইউনিয়নের ৪০টি দরিদ্র পরিবারের মাঝে বীজ ও মুরগি বিতরণ করেন। এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সৌরেন্দ্র নাথ সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, ইউপি চেয়ারম্যান মনীন্দ্র নাথ হালদার, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, হিসাবরক্ষক হরেকৃষ্ণ বাড়ৈ খোকন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে কারিগরি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কারিগরি শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ জেলা শহরে এক র্যালি বের করে। পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ কে এম রফিকুল আমিন। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ, আইয়ূব হেনা, পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ এ কে এম মোজাম্মেল হক প্রমুখ।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ এসআই ফারুক হোসেন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ মাদক উদ্ধার, মামলা তদন্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে বরিশাল রেঞ্জের (বিভাগ) শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ ফারুক হোসেন। গত সোমবার বরিশাল বিভাগীয় রেঞ্জ কার্যালয় ২০১৪ সালের মে মাসের মাসিক অপরাধ সভায় সর্বসম্মতিক্রমে এসআই মোঃ ফারুক হোসেনকে বরিশাল রেঞ্জের সাব-ইন্সপেক্টর বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিভাগীয় রেঞ্জ কার্যালয় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শামসুদ্দিন তার হাতে নগদ ৫ হাজার টাকা ও বেস্ট পুলিশ অফিসারের সার্টিফিকেট প্রদান করেন। এসময় বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জীবননগরে দিনব্যাপী ডিজিটাল মেলা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন। ডিজিটাল পদ্ধতির সুফল সম্পর্কে সচেতনতার জন্য মেলায় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় স্টল দিয়েছে।
সালথায় নারী উন্নয়ন ফোরামের কর্মশালা প্রশিক্ষণ
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলীসহ নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।
দুমকীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূল অঞ্চলের বিপন্নতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডীন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম। উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল আজিজ, সিজিআইএস-এর পরিচালক মোতালেব হোসেনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পার্বতীপুরে মহিলা মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ ইসরাইল হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় গোপনসূত্রে খবরের ভিত্তিতে পার্বতীপুর শহরের রেলওয়ের সাহেবপাড়া এলাকার মহিলা মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমের(৪৩) বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে রেলওয়ে টাউন ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল বাতেন হাতে-নাতে গ্রেফতার করে। একই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহেনুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সে মোহাম্মদ আলী ওরফে পোয়াতুর স্ত্রী। তারা উভয়ে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত।
গাজীপুরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী প্রদান
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কাজী রাজিয়া সুলতানা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাজীপুরের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মধ্যে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, স্ট্যান্ডিং ফ্রেম, ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাজীপুর ক্লাস্টারের সিনিয়র এডিপি ব্যবস্থাপক আগস্টিন সুবাস পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী রাজিয়া সুলতানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার আক্তার।
উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার। এ খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর রশিদ, তবকপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল হান্নান, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানাসহ তবকপুর ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খেলায় তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তবকপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়।
লালমনিরহাটে ফরমালিন রোধ বিষয়ক কর্মশালা
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার জেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে মত্স্য সংরক্ষণে ফরমালিন ব্যবহার রোধ ও গণসচেতনতা সৃষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য কর্মকর্তা ড. আবুল হাছানাতের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নবিয়ার রহমান। বক্তারা ফরমালিন ব্যবহারের ফলে মানবদেহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মত্স্য ব্যবসায়ী, মত্স্য চাষী, সাংবাদিক ও মত্স্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ শ্রীপুর থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে থানা ক্যাম্পাসে পুলিশিং কমিটির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ ফরহাদ হোসেন, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুতুবুল্ল¬াহ হোসেন মিয়া। এসময় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইত্তেফাকের সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক অপূর্ব কুমার মিত্র, ইউপি সদস্য আব্দুল মতিন, নিহাজ্জেল হোসেনসহ আরো অনেকে।
দিনাজপুরে বিসিকের উদ্যোগে মৌ-চাষীদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাটে গতকাল মঙ্গলবার বিসিকের শিল্প সহায়ক কেন্দ্রে মৌমাছি পালন কর্মসূচির উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার। গতকাল মঙ্গলবার “আয় বেশি, খরচ অল্প-স্বল্প শ্রমে মৌ-শিল্প”—এই শ্লোগানকে সামনে রেখে বিসিক দেশব্যাপী ‘মৌমাছি চাষে নতুন কৌশল গ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। বিসিকের রাজশাহী আঞ্চলিক পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক আবু তাহের খান, প্রকল্প পরিচালক খন্দকার আমিনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
মাদারীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে আজ মঙ্গলবার তামাক নিয়ন্ত্রণ আইন অধিকতর বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব শাহ রেজওয়ান হায়াত, দি ইউনিয়নের কারিগরি উপদেষ্টা ইসরাত চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী মো. আমির-উল-আহসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
মেহেরপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুর প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া হাইস্কুল মাঠে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বন্দর বালক দল ও বালিকা উভয় দল ১-০ গোলে জয়লাভ করেছে। বন্দর বিদ্যালয় জয়লাভ করায় আগামী ১৯ জুন তারা একই ইউনিয়নের চকশ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের সাথে খেলার যোগ্যতা অর্জন করলো। এদিকে একই খেলায় পৌর প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়কে, বড়বাজার প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে বিএম প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জলঢাকায় কমিউনিটি ক্লিনিকে বেঞ্চ বিতরণ
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জলঢাকায় মঙ্গলবার সকালে এডিবির অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের জন্য ৬৬টি বেঞ্চ বিতরণের আয়োজন করা হয়। গ্রামীণ রোগীদের স্বাস্থ্য সেবার সুবিধার্থে উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের জন্য এসব বেঞ্চ বরাদ্দ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহবুব হাসান লেলিন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারগণ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন বাতিল ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নির্বাচিত বকশীগঞ্জের মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতিসহ অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পরাজিত প্রার্থীদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
গতকাল মঙ্গলবার সকালে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, অধ্যাপক আফছার উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল বাছেদ প্রমুখ।
পীরগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ সোমবার থেকে পীরগঞ্জ উপজেলা কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ শুরু হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক। “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, আদর্শ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
ফরিদপুরে পিপিএসএস-এর কর্মী সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির (পিপিএসএস) বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রণীত পল্লী উন্নয়ন বিষয়ক গ্রন্থ ‘উন্নয়নের সার্থক রূপকার’-এর মোড়ক উন্মোচন করা হয়। গতকাল মঙ্গলবার শহরের আলীপুরে পিপিএসএস-এর নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম। অনুষ্ঠানে আব্দুস কুদ্দুস মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, পিপিএসএস-এর নির্বাহী পরিচালক অলিয়ার রহমান খান, ইফাত আরা ফারজানা, মাহাবুবুর রহমান প্রমুখ।
কালিয়াকৈরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কমিটি গঠন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে চাপাইর ও ফুলবাড়িয়া ইউনিয়নের দুটি কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা আইয়ুব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোঃ আকবর আলী, জসিম উদ্দিন ইকবাল, এবি সিদ্দিক বাবু, মোঃ হেলাল উদ্দিন, মোঃ বাবু মিয়া, শরীফ মাহমুদ লাল মিয়া, নজরুল মিয়া, শাহীন আলম, দুলাল আহম্মেদ প্রমুখ। পরে আরিফ হোসেন মোল্লাকে সভাপতি, আশরাফুল আলম বাদলকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে চাপাইর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও হেলাল উদ্দিনকে আহবায়ক, ফারুক ও আলী হোসেনকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট ফুলবাড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কমিটি গঠন করা হয়।
কাউখালীতে ডিজিটাল মেলা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী উপজেলায় নাগরিক সেবা ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। প্রশাসনের উদ্যোগে সকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, অধ্যক্ষ মোঃ সায়েদুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, অধ্যক্ষ লুত্ফর রহমান, অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ।
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি \ জলবায়ু ও বৃষ্টিপাতের পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি চর্চা ও টেকসই পানি সম্পদ ব্যবস্থপনা গড়ে তোলা ও খাদ্য নিরাপত্তাহীনতা কমানোর লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার । এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। এতে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার মণ্ডল, কেয়ার বাংলাদেশের পরিচালক ড. মোঃ মেহেরুল ইসলাম, ড. হামিম রেজা, ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদুল্লাহ, বিনা ধানের কৃষি গবেষক মমতা সাহা, সদর ইউএনও নুর কুতুবুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা মজনুর রহমান প্রমুখ।
আদিতমারীতে আইএপিপির মাঠ দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) এর আওতায় গতকাল মঙ্গলবার এক মাঠ দিবস উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামের যমুনা দলে অনুষ্ঠিত হয়। এলএফএস দলের সদস্যদের সেচ ব্যবস্থাপনা, পার্চিং, সার ব্যবস্থাপনা, কম্পোষ্ট সারসহ নানাবিধ বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ মাঠ দিবস যমুনা দলের সভাপতি পবিত্র চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুস ছামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাওয়া। এসময় বক্তব্য রাখেন কৃষক পরীক্ষিত চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, পাভেল সরকার, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
স্বর্ণপদক পেলেন ভূঞাপুরের ইউপি চেয়ারম্যান
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ বাংলাদেশের সফল চেয়ারম্যান হিসেবে মহান মে স্বর্ণ পদক ও কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক পেয়েছেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এবং একুশে মিডিয়া ফাউন্ডেশন কর্তৃক তাকে স্বর্ণপদকে ভূষিত করা হয় । চেয়ারম্যান হিসেবে সমাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, গোবিন্দাসী ইউনিয়নের উন্নয়নের রূপকার, সময়ের সাহসী সন্তান, সকল প্রকার প্রগতিশীল আন্দোলন ও সংগ্রামের অগ্র সৈনিক, অনলবর্ষী বক্তা আমিনুল ইসলামকে বাংলাদেশের সফল চেয়ারম্যান হিসেবে ‘মহান মে স্বর্ণপদক ও কাজী নজরুল ইসলাম স্বর্ণপদকে’ ভূষিত করায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ গোবিন্দাসী ইউনিয়নবাসী তাকে স্বাগতম জানান।
নাঙ্গলকোটে স্মরণিকার মোড়ক উন্মোচন
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোটের আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৩০ বর্ষপূর্তি উত্সব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস এমপি। সমপ্রতি আবু বকর সিদ্দিক র্ভুঁইয়ার সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরিদা ইয়াসমিন সাজু, অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া, রফিকুল হোসেন চেয়ারম্যান,নাজমুল হাসান ভুঁইয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হাসেম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, আ’লীগ নেতা ফয়জুল কবির, সংবর্ধনা কমিটির আহবায়ক আবুল হোসেন ভুঁইয়া, প্রধান শিক্ষক জালাল আহমেদ ভুঁইয়া, সংবর্ধনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মজুমদার প্রমুখ।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ময়মনসিংহ প্রতিনিধি\ স্থায়ী শিক্ষক নিয়োগসহ ৯-দফা দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ক্যাম্পাস সংলগ্ন বাইপাস মোড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অবরোধ করে। অবরোধের ফলে সকল যান চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। আব্দুল্লাহ আল হোসাইন, মীর আরাফাত মাশরুর, নিয়ামুল ইসলাম, নাফিস ফোয়াদ, হাবিবুর রহমান প্রমুখ ৯-দফা বাস্তবায়নে নেতৃত্ব দেন।
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ১ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব মাদক আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র একাধিক টহল দল মঙ্গলবার ভোরে জেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী, ধনপুর, কেরানীনগর, শশীদল, নদীয়াবাদ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, জট গাঁজা, স্কাপ সিরাপ ও শাড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মো. মাছুম (৪২) নামের একজনকে ফেনসিডিলসহ আটক করা হয়। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুর রহমান জানান, আটককৃত মাদক ও অন্যান্য মালামালের মূল্য ৫ লাখ ৩৮ হাজার ৮শ’ টাকা। আটক মাছুমকে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
