নিউইয়র্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:২৬
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলিভিয়ার সান্তাক্রুজে ‘জি-৭৭ এর স্মারক শীর্ষ সম্মেলন ও চীন’ শীর্ষক কর্মসূচিতে যোগদানের পর সোমবার নিউইয়র্ক পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। এর আগে রাষ্ট্রপতি হামিদ সোমবার ভোরে সান্তাক্রুজের ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন এবং ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি হামিদের মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা। নিউইয়র্কে কিশোরগঞ্জ সমিতিও আজ বুধবার রাষ্ট্রপতি হামিদকে সংবর্ধনা জানাবে। রাষ্ট্রপতি আগামী ২১ জুন নিউইয়র্ক ত্যাগ করে ২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।