না’গঞ্জ-৫ আসনে উপ-নির্বাচন সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:২৬
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। তিনি বলেছেন, এ নির্বাচনে এখন পর্যন্ত প্রার্থীরা সেনাবাহিনী মোতায়েনের উপর তেমন কোন জোর দেয়নি। আমরা আমাদের নিজস্ব পরিধির মধ্যেই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো মনে করছি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের রাখা হয়নি। সভা শেষে সভায় জাবেদ আলী বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম অভিযোগ করেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করছে, আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। আমাদের লোকজনদের বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমাদের প্রার্থী সম্পর্কে প্রায়ই সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে যা আচরণ বিধি লঙ্ঘনের শামিল। কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক প্রেক্ষাপটে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ বলেন, সেনাবাহিনী মোতায়েন না হলেও অন্তত অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোর্স নিয়োজিত করে যাতে সুষ্ঠু ভোটগ্রহণ করা হয়।