অপহরণের আড়াই ঘণ্টা পর প্রবাসী নূর নবী ও তার স্ত্রী তাহেবা আক্তার বর্ণাকে জেলা শহরের হারিনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে সুধারাম থানার পুলিশ উদ্ধার এবং ৫ অপহরণকারীকে গ্রেফতার করে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতকৃতরা হলো- মো. মোরশেদ আলম মুন্না, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান, মো. কামরুল ইসলাম রানা ও ইয়াছিন আলম রকি।
অপহূত নূর নবী জানান, তিনি স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি দাদপুরের কৃপালপুর গ্রাম থেকে সন্ধ্যার আগে সিএনজি চালিত অটোরিকশায় শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শ্বশুর বাড়িতে আসছিলেন। জেনারেল হাসপাতাল সড়কের মুরগি ফার্ম নামক এলাকায় আসলে দুইটি মোটর সাইকেল আরোহীরা গাড়ির পথ রোধ করে তিন অপহরণকারী দ্রুত তাদের অটোরিকশায় ওঠে এবং তার মোবাইল ফোনটি নিয়ে যায়। এ সময় তারা চালককে হরিনারায়ণপুর যেতে নির্দেশ দেয়। তাদেরকে হরিনারায়ণপুর নিয়ে একটি দোতলা বাড়ির দুই কক্ষে দুইজনকে আটক করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে নূর নবীর স্ত্রী বর্ণা সুকৌশলে তার কাছে থাকা মোবাইল ফোনে ঘটনাটি তার পিতা সোহেল রানাকে জানায়। তিনি সুধারাম থানায় এসে ওসিকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে অপহূতদের উদ্ধার ও ৫ অপহরণকারীকে গ্রেফতার করে। রাতে অপহূত বর্ণার পিতা গ্রেফতারকৃতসহ আরো অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে অপহরণ মামলা করেছেন। ওসি মোশারফ হোসেন তরফদার জানান, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার অপহরণকারীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
