প্রযুক্তিবিশ্বের যতগুলো বড় বড় প্রদর্শনী রয়েছে, তার মধ্যে অন্যতম তাইওয়ানের কম্পিউটেক্স। প্রযুক্তি আর প্রযুক্তি পণ্যের প্রদর্শনীর মধ্যে কম্পিউটেক্স এশিয়ার বৃহত্তম। প্রতিবছরই এই আয়োজনে উপস্থিত হয় উল্লেখযোগ্য সব প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের অভিনব সব প্রযুক্তি আর পণ্যের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই আয়োজন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারের কম্পিউটেক্সে হাজির হওয়া সেরা কিছু প্রযুক্তি আর পণ্যের কথা জানাচ্ছেন তরিকুর রহমান সজীব
ছরের শুরুতেই কনজ্যুমার ইলেক্ট্রনিক শো (সিইএস)-এর দিকে দৃষ্টি নিবদ্ধ থাকে গোটা প্রযুক্তিবিশ্বের। এর বাইরে বছরের মাঝামাঝি সময়ে এসে তাইওয়ানে অনুষ্ঠিত হয় প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে এশিয়ার বৃহত্তম আয়োজন কম্পিউটেক্স। তাইপেতে এ বছরে চলতি জুন মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হয়েছে কম্পিউটেক্স। আর তাতে এসার, আসুস, ডেল, ইন্টেলের মতো সব জায়ান্টরা অংশগ্রহণ করে এই আয়োজনে। আর তাদের নতুন নতুন সব পণ্য এবারেও মুগ্ধ করেছে দর্শনার্থীদের। এই প্রদর্শনীতে হাজির হওয়া সব পণ্য আর প্রযুক্তির মধ্যে সেরা কয়েকটির কথা তুলে ধরা হলো এই লেখায়।
এসার লিকুইড লিপ ওয়্যারেবল
ওয়্যারেবল বা পরিধেয় প্রযুক্তি পণ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েই চলেছে। গুগল থেকে শুরু করে বড় অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই বাজারে এ ধরনের পণ্য নিয়ে চমকে দিয়েছে। এই প্রথমবারের মতো কম্পিউটেক্সে এসার নিয়ে এসেছে তাদের প্রথম ওয়্যারেবল ডিভাইস। লিকুইড লিপ নামের এই পরিধেয় ব্যান্ডটি এসারের লিকুইড জেড স্মার্টফোনের সাথে কাজ করে। রঙ-বেরঙের এই ব্যান্ডটি ফোন কল এবং টেক্সট ম্যাসেজ ট্র্যাক করার পাশাপাশি ফিটনেস ট্র্যাকিংয়ের কাজটিও করে থাকে। আবার ফোনের মিউজিক ফাংশনও নিয়ন্ত্রণ করে ব্যান্ডটি। চলতি বছরেই এটি বিক্রির জন্য উন্মুক্ত হবে।
তারহীন চার্জারের এডাটা এলইডি ল্যাম্প
স্টোরেজ এবং মেমোরি মডিউল নির্মাতা হিসেবেই এডাটাকে সকলে চিনে থাকে। তবে এডাটা এলইডি বাল্ব এবং লাইটিং সংক্রান্ত পণ্যও তৈরি করে থাকে। কম্পিউটেক্সের এবারের আয়োজনে এডাটা এমনই একটি এলইডি ল্যাম্প প্রদর্শন করেছে। এর বিশেষত্ব হলো এর চার্জিং সিস্টেম হিসেবে রয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। জাপানি চি (Qi) ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে এতে। ফলে তারের কোনো ঝামেলা নেই এই ল্যাম্পে।
অরাস এক্সথ্রি প্লাস গেমিং ল্যাপটপ
মাদারবোর্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড গিগাবাইটের ল্যাপটপ নির্মাতা অংশ হিসেবে কাজ করছে অরাস। কম্পিউটেক্সের এবারের আয়োজনে এই অরাসের একটি ল্যাপটপ সকলের কাছেই স্বীকৃতি পেয়েছে সেরা গেমিং ল্যাপটপ হিসেবে। তুলনামূলকভাবে কম পুরুত্বের হালকা-পাতলা গড়নের এই ল্যাপটপের ডিসপ্লের আকৃতি রাখা হয়েছে ১৩.৯ ইঞ্চি। এটি একটি অনন্য ডিসপ্লে যাকে বলা হচ্ছে ৩কে রেজ্যুলেশনের ডিসপ্লে। এর রেজ্যুলেশন ৩২০০ বাই ১৮০০ পিক্সেল। ফলে এইচডি মানের সব গেম এই ডিসপ্লেতে ঝকঝকে হয়ে ধরা পড়বে। এর ওজন ৪.১২ পাউন্ড হলেও গেমিং ল্যাপটপের তুলনায় তা যথেষ্টই কম। এর ২.৫ গিগাহার্জ কোরআই৭ প্রসেসর, এনভিডিয়া জিটিএক্স ৮৭০এম গ্রাফিক্স আর ১৫০০ এমবিপিএস গতির সলিড স্টেট ড্রাইভ এর গতিকে অন্য সব ডিভাইসের তুলনায় অনেকটাই এগিয়ে রাখবে।
আসুস ট্রান্সফর্মার বুক ফাইভ
হাইব্রিড ডিভাইসের দিকে মানুষের আকর্ষণ বাড়ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও হাইব্রিড ডিভাইস তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। এসব হাইব্রিড ডিভাইসের মধ্যে বৈচিত্র্যময় একটি ডিভাইস কম্পিউটেক্সে প্রদর্শন করেছে আসুস। ট্রান্সফর্মার বুক ফাইভ নামের এই ডিভাইসটি মূলত ফাইভ-ইন-ওয়ান একটি ডিভাইস। এই ধরনের ডিভাইস বিশ্বে এই প্রথম। সাধারণভাবে এটি একটি ট্যাবলেট পিসি যার সাথে রয়েছে একটি পৃথক কিবোর্ড। সাথে একটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটও রয়েছে। ফলে এটি একাধারে অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ট্যাবলেট, অ্যান্ড্রয়েড স্লেট, উইন্ডোজ ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড ল্যাপটপ হিসেবেও কাজ করতে সক্ষম। ডুয়াল অপারেটিং সিস্টেমের এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ উভয় প্ল্যাটফর্মেই সমান দক্ষতায় কাজ করবে।
আসুস জেনবুক এনএক্স৫০০
কম্পিউটেক্সে প্রদর্শিত ল্যাপটপগুলোর মধ্যে সেরা মনে করা হচ্ছিল আসুসের জেনবুক এনএক্স৫০০কে। বিশেষ করে গ্রাফিক্সের প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটি এক কথায় অসাধারণ। আর এর মূলে রয়েছে এর ৪কে রেজ্যুলেশনের ডিসপ্লে। এর বাইরে ইন্টেলের কোরআই৭ প্রসেসর আর এনভিডিয়ার জিফোর্স ৮৭০এম গ্রাফিক্স এতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এখানেই শেষ নয়, ভিজ্যুয়াল মাস্টার প্রযুক্তির কল্যাণে এর ডিসপ্লেটি শতভাগ এনটিএসসি কালার প্রদর্শনে সক্ষম। আর আল্ট্রাবুকের মতো হালকা-পাতলা গড়ণ একে করে তুলেছে আরও আকর্ষণীয়।
ইন্টেল কোরএম
প্রসেসরে প্রতিনিয়তই নতুন নতুন মাত্রা যোগ করে চলেছে ইন্টেল। পিসিতে তাদের শীর্ষস্থানটি সুসংহত দীর্ঘদিন ধরেই। মোবাইল ডিভাইসেও এখন তারা শীর্ষস্থানটি দখল করতে উঠে-পড়ে লেগেছে। কম্পিউটেক্সেও মিলেছে তার প্রমাণ। কম্পিউটেক্সে তারা প্রদর্শন করেছে কোরএম শিরোনামের নতুন ধারার প্রসেসর যেগুলো মূলত তৈরি করা হয়েছে ট্যাবলেট পিসিকে লক্ষ্য করে। কম বিদ্যুত্ খরচ করে আরও বেশি কর্মক্ষম প্রসেসর হিসেবেই এগুলো তৈরি করেছে তারা। ১৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি এই প্রসেসর ৬০ ভাগ কম বিদ্যুতে পরিচালিত হতে সক্ষম। আকারেও এটি বেশ ছোট। ফলে সামনের দিনগুলোতে কোরএম প্রসেসরের ব্যবহারে আরও পাতলা ট্যাবলেটে পাওয়া যাবে অধিক কর্মদক্ষতা।
এসার আইকনিয়া ট্যাব ৮
কম্পিউটেক্সে প্রদর্শিত ট্যাবলেট পিসিগুলোর মধ্যে এসারের আইকনিয়া ট্যাব ৮ ছিল অন্যতম সেরা। জিরো এয়ার গ্যাপ আর আইপিএস ডিসপ্লে প্রযুক্তি একে সেরা হিসেবেই গড়ে তুলেছে। ৮ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিতে রয়েছে কোয়াড-কোরের ইন্টেল প্রসেসর। আর অ্যালুমিনিয়াম দিয়ে এর বডি তৈরি করা হলেও পুরো ট্যাবলেট পিসিটি ওজনে অত্যন্ত হালকা। এর সাথে তারহীন সংযোগের সকল সুবিধা এবং হাই রেজ্যুলেশনের ওয়েবক্যাম তো রয়েছেই।
ভিউফোন ফোন স্টেশন
ভিউফোন টেকনোলজি তৈরি করেছে বিশেষ ধরনের অ্যাকসেসরিজ ফোন স্টেশন। এটি মূলত একটি হেড-মাউন্টেড থ্রিডি ডিসপ্লে সিস্টেম। মাল্টিমিডিয়ায় এটি অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম ব্যবহারকারীকে। এই হেড-মাউন্টেড ব্যান্ডের সাথে স্মার্টফোনকে যুক্ত করে নিলে এটি গোটা ফোনকে হাজির করবে খ্রিডি ডিসপ্লে আকারে। অর্থাত্ টুডি কনটেন্টকে থ্রিডি করে দেখাবে এটি। আবার মোবাইল ডিভাইসের ডিসপ্লেকে একাধিক ভাগে ভাগ করেও প্রদর্শন করতে পারে এটি। কম্পিউটেক্সের অন্যতম সেরা একটি অ্যাকসেসরিজ ছিল এটি।
