মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ নতুন কিছু নয়। এর আগে ইরান, সিরিয়া, মিশরসহ অনেক দেশই বিভিন্ন সময়ে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছে। আর ইন্টারনেট নিযন্ত্রণ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগের সাইটগুলোকে ব্লক করে দেওয়া হয়। একই রাস্তায় এবারে হেঁটেছে ইরাক। দেশটিতে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইট ব্লক করে দেওয়া হয়েছে। ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্লক করা হয়েছে সাইটগুলো। এসব সাইটে প্রবেশের সময়েই ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাইটগুলো ব্লক করা সংক্রান্ত বার্তা তেখা গেছে। বিবিসির এক খবরে অবশ্য বলা হয়েছে, ইরাকের অনেক প্রদেশকে ইন্টারনেট থেকেই বিচ্ছিন্ন রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সরকারবিরোধী প্রচারণার প্রেক্ষিতে সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
