গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ফলের আড়ত্ ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানের প্রথমদিনে আম, লিচু, আংগুর, মালটা, তরমুজ, কলা, আপেলসহ বিভিন্ন ফলে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়ায় কয়েক টন ফল রোলার দিয়ে ধ্বংস করা হয়। এ সময় কয়েক ফল ব্যবসায়ী ফলের দোকান ও ফলের আড়তে তালা ঝুঁলিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি নাসরিন সুলতানা জানান, একটি চক্র মির্জাপুর শহরের বিভিন্ন ফলের আড়তে আম, জাম, কলা, লিচু, মালটা, আংগুরসহ বিভিন্ন মৌসুমী ফলে ফরমালিন দিয়ে বাজারে বিক্রি করে আসছিল। এই চক্রটি উপজেলা সদর ছাড়াও সদরের বাহিরে পাকুল্যা, জামুর্কি, নাটিয়াপাড়া, দেওহাটা, গোড়াই, হাঁটুভাঙ্গা, বাঁশতৈলসহ ১৫/২০টি এলাকায় আড়তে বিভিন্ন প্রজাতির ফলে ফরমালিন দিয়ে বাজারজাত করে আসছে। এসময় আব্দুর রশিদ, শাজাহান ও অর্জুন নামে তিন ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফরমালিন মিশ্রিত ফল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়। এসময় মির্জাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান সহিদ, মির্জাপুর উপজেলার সেনেটারী পরিদর্শক ইসরাত জাহান, পুলিশ অফিসার শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
