সৈয়দপুরে কর্মসৃজন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৪৩
সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) ইউপি সদস্য, স্বামী-স্ত্রী ও একই পরিবারের একাধিক সদস্যসহ ভুয়া নাম ব্যবহার করে অর্থ আত্মসাত্ করছে বলে অভিযোগ রয়েছে প্রকল্প কমিটির বিরুদ্ধে। জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে ইজিপিপি শুরু হয় ১৮ এপ্রিল। এ কাজের তালিকা তৈরির সময় ক্ষমতাসীন দলের নেতা ও জনপ্রতিনিধিরা কারসাজি করে নিজেদের আত্মীয়-স্বজন নিজ পরিবারের সদস্য সচ্ছল এবং ভুয়া ব্যক্তিদের নাম তালিকায় জুড়ে দেয়। লোক দেখানো লটারীর মাধ্যমে কারসাজির আশ্রয় নিয়ে পছন্দের লোকদের শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আ. খালেক কার্ড নং-২৫৭, প্রথম স্ত্রী ফাতেমার কার্ড নং-২৫৮, ৪র্থ স্ত্রীর তাহমিনার কার্ড নং-২২৮, স্বামীর স্থলে ছেলের নাম ব্যবহার করে আয়মেনা কার্ড নং- ২৬২। এভাবে একটি পরিবারে একাধিক কার্ড ও ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মজুরি তুলে আত্মসাত্ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, কিছু অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।