মন্ত্রণালয়ের মামলার জন্য সংসদীয় কমিটির তদন্তে জটিলতা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৫৭
ক্রেস্টে সোনা জালিয়াতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেয়া সম্মাননা ক্রেস্টে নির্ধারিত পরিমাণের চেয়ে কম সোনা দেয়ার ঘটনা তদন্তে আইনি জটিলতায় পড়েছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি মনে করছে, তাদের তদন্তের আগেই মন্ত্রণালয় ক্রেস্ট সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করায় বিষয়টি এখন সাবজুডিস হয়ে গেছে। এই অবস্থায় সংসদীয় তদন্ত কমিটি ওই মালিকদের ডেকে কথা বলতে গেলে আইনি সমস্যা হবে কিনা তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর তদন্তে গঠিত উপ-কমিটির অনুরোধের প্রেক্ষিতে তদন্তের সময় আরো দেড় মাস বাড়ানো হয়েছে। তদন্ত কমিটির সদস্য ইকবালুর রহিম সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থেই ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বক্তব্য জানা দরকার। মন্ত্রণালয় কমিটিকে অবহিত না করেই মামলা করেছে। এখন সাবজুডিস ম্যাটার নিয়ে তদন্ত করতে গেলে সমস্যা হতে পারে। জানা গেছে, সংসদীয় তদন্ত কমিটিকে না জানিয়ে মন্ত্রণালয় মামলা করায় কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন। ক্রেস্টে সোনা কম দেয়ার অভিযোগ ওঠার পর গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তা তদন্তে আফসারুল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের উপ-কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, মো. আফসারুল আমীন, নরুন্নবী চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, আশেক উল্লাহ রফিক, স্বপন ভট্টাচার্য্য ও কামরুল লায়লা জলি।