বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ বিভীষিকাময় শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছে। এজন্য দায়ী অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ। তিনি বলেন, ক্ষমতালোভী আওয়ামী লীগের নির্মমতায় গোটা জনপদ আজ ভয়াবহ ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। বৈধভাবে ক্ষমতায় থাকতে তারা নির্মম নির্যাতন চালাচ্ছে মানুষের ওপর।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাবেক চিফ হুইপ মাহবুবুল আলম তারার স্মরণসভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদুর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। এ ছাড়া মাহবুবুল আলম তারার পরিবারের সদস্যরা শোকসভায় বক্তব্য রাখেন। আলোচনা শেষে তারার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ফখরুল বলেন, সারা দেশে কি পরিমাণ সহিংসতা হয়েছে তার কিছুটা প্রমাণ গত তিনদিন আগে গুম, খুন এবং অপহরণের শিকার লক্ষ্মীপুরের ৪৬টি পরিবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বলে গেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, সমপ্রতি মিরপুর কালশীতে মানুষকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বৃদ্ধ ও শিশুকে হত্যা করা হয়েছে। ফেনী, নারায়ণগঞ্জে কী বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা আপনারা সবাই দেখেছেন। এমন এক সময় আমরা তারা ভাইয়ের স্মরণসভা করছি, যখন দেশ কালশীর বিহারি পল্লীর ঘটনায় হতবিহ্বল। ফেনী এবং নারায়ণগঞ্জের নৃশংস ঘটনায় স্তব্ধ।
মাহবুবুল আলম তারা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে তারা ভাইদের মত লোকের সংখ্যা এখন কম। এখানে তাদের মত লোকের আজ বেশি প্রয়োজন।
