ছাত্রলীগের সংঘর্ষ চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২২:১২
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগের অপর গ্রুপ কর্তৃক আহত করার ঘটনায় গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ডিন, বিভাগীয় প্রধান ও সিনিয়র শিক্ষকদের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বন্ধ ঘোষণা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশসানের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদের দু’গ্রুপে সংঘর্ষের কারণে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলবে। কর্তৃপক্ষ দুপুর ১২টার মধ্যে ছাত্র এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ প্রদান করে। জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শামীম তালহা জীমকে কুপিয়ে জখম করে অপর যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন গ্রুপের কয়েকজন কর্মী। গুরুতর আহত অবস্থায় জীমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীম তালহা জীম চুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসানের অনুসারী। তিনি যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।