দুই শিশুকন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করলেন পিতা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২২:১৩
গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামে গত সোমবার মধ্যরাতে দুই শিশু কন্যাসহ আত্মহত্যা করেছেন পিতা। নিহতরা হলেন পিতা মুসিদুল ইসলাম সবুজ (৩২), অপি (১০) ও অমি (৬)। পুলিশ গত মঙ্গলবার সকালে পিতাসহ দুই কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ স্ত্রী পরশমণিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, দুর্লভপুর গ্রামের মুসিদুল ইসলাম সবুজের সাথে পাশের গ্রামের শাহনুরের মেয়ে পরশমণির বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী পরশমণি তার ২ বছরের শিশুপুত্রকে নিয়ে পিতার বাড়ি ফকিরপাড়ায় চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী সবুজ তার ২ শিশুকন্যা অপি (১০) ও অমিকে (৬) শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁসি দেয়ার পর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গোমস্তাপুর সার্কেলের এএসপি আব্বাসউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।