প্রযুক্তির এই অগ্রগতির যুগে এখন ঘরে ঘরেই পৌঁছে গেছে কম্পিউটার। শিশুদের হাতেও কম্পিউটার আর নতুন কিছু নয়। কিন্তু প্রচলিত কম্পিউটারগুলো এমনভাবে বাজারজাত করা হয়ে থাকে যাতে করে কম্পিউটারের হার্ডওয়্যারে বিশেষ জ্ঞান না থাকলে সাধারণ কেউ এগুলোকে খুলে ব্যবহার করতে পারেন না। তবে ছোটবেলা থেকেই যদি কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ করে দেওয়া হয় সেটা কম্পিউটার বিষয়ে শিশুকাল থেকেই মানুষকে অভিজ্ঞ করে তুলতে পারে এবং তাদের উদ্ভাবনী ও সৃজনশীলতা এতে নতুন মাত্রা যোগ করতে পারে। এমনটিই ধারণা করেন যুক্তরাজ্যের কানো নামক একটি ছোট্ট প্রতিষ্ঠান। আর সে কারণেই তারা যুক্তরাজ্যের বাজারের জন্য নিয়ে আসতে যাচ্ছে এমন একটি কম্পিউটার যেটি কি না মূলত তৈরিই করা হচ্ছে শিশুদের জন্য। ‘কানো কিট’ নামের এই কম্পিউটার মূলত ‘নিজে করি’ ধরনের একটি কিট যেখানে কম্পিউটারটি তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান দেওয়া আছে। শিশুরা এগুলোকে একটির সাথে আরেকটি যুক্ত করে কম্পিউটারটি তৈরি করবে। লেগো ব্লকের মাধ্যমে যেভাবে শিশুরা দালান-কোঠা বা ব্রিজ তৈরি করে থাকে, ঠিক তেমন মডেলকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে কানো কিট। ক্রেডিট কার্ড আকৃতির রাসবেরি পাই সিপিইউ ব্যবহার করেই মূলত তৈরি করা হয়েছে এই কিট। শিশুদের জন্য তৈরি এই কম্পিউটার কিট নির্মাণ সম্পর্কে কানোর অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালেক্স ক্লেইন বলেন, ‘আগে কম্পিউটার চালাতে গেলে কমান্ড লাইনের ব্যবহার অপরিহার্য ছিল। কিন্তু এখন কমান্ড লাইনের ব্যবহার প্রায় উঠেই গিয়েছে। হার্ডওয়্যারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখন এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে কম্পিউটার সংক্রান্ত জ্ঞানগুলো সিলিকন ভ্যালি বা লন্ডনের ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের মনে হয়, শিশুদের এই ক্ষেত্রে স্বাধীনতা দিলে তারা বিষয়গুলোকে যেমন বুঝতে পারবে তেমনি এর মাধ্যমে তাদের সৃজনশীলতা আর উদ্ভাবনী ক্ষমতা দিয়ে নতুন অনেককিছুই উপহার দিতে পারবে বিশ্বকে। আমরা চেয়েছি শিশুদের যেন কম্পিউটার সম্পর্কে জানতে গাদা গাদা বই পড়তে না হয়। খেলার ছলেই তারা যেন এ সংক্রান্ত বিষয়গুলো জেনে নিতে পারে।’ তিনি জানান, কানো কিটে থাকছে একটি রাসবেরি পাই মডেল বি, বিভিন্ন রঙে রঙিন কয়েকটি কেস, ট্র্যাকপ্যাডসহ একটি ওয়্যারলেস কিবোর্ড, ডিসপ্লে এবং পাওয়ারের জন্য মাইক্রোইউএসবি ক্যাবল এবং এইচডিএমআই, একটি ইউএসবি ওয়াই-ফাই ডঙ্গল, পাওয়ার সকেট ও ৮ গিগাবাইটের এসডি কার্ড। মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি এই কিটের দাম রাখা হয়েছে ১২৯ ডলার।
