ফটো ও ভিডিও ম্যাসেজিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা পাওয়া স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফেসবুক নিয়ে এসেছে নতুন ম্যাসেজিং অ্যাপ স্লিংশট। স্ন্যাপচ্যাটের মতোই এই অ্যাপ ব্যবহার করে পাঠানো ছবি পৌঁছানোর পরপরই স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। গত পরশুদিন থেকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই অ্যাপ, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। শীঘ্রই অন্যান্য দেশের জন্যও চালু হবে এই অ্যাপটি। এটি ইন্সটল করে নিয়ে সাইন-আপ করতে হবে ফেসবুক আইডি কিংবা মোবাইল ফোন নম্বর দিয়ে। ফেসবুকে বন্ধুদের তালিকা এবং ফোন নম্বর যোগ হয়ে যাবে এই অ্যাপে। অ্যাপটি চালু করলেই এটি নিয়ে যাবে ক্যামেরায়। সেখান থেকে সরাসরি ছবি বা সেলফি তুলে তাতে টেক্সট যোগ করা যাবে। আর পাঠিয়ে দেওয়া যাবে স্লিংশটে যুক্ত এক, একাধিক বা সকল কন্টাক্টে। ছবিগুলো হাজির হওয়ার পর এটি দেখে অ্যাপটি বন্ধ করলে বা অন্য কোনো উইন্ডোতে গেলেই ডিলিট হয়ে যাবে ছবিটি।
