বানারীপাড়ায় কয়েক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে মসজিদ বাড়ি দারুসুন্নাত আলিম মাদ্রাসা লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চরম দুর্ভোগের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তীব্র তাপদাহ ও প্রখর রোদের মাঝে পরীক্ষা দিতে শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থবোধ করছেন। বুধবার দুপুরে বানারীপাড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে মসজিদ বাড়ি দারুসুন্নাত আলিম মাদ্রাসার শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহূত একটি টিনের ঘর ধসে পড়ে ও অপরটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ফলে মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষা নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটি। নিরুপায় হয়ে পরের দিন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অর্ধবার্ষিক পরীক্ষা মাদ্রাসা মাঠের খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতোয়ার রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম দুলালসহ এলাকাবাসী দাখিল ও আলিম পরীক্ষায় সব সময় শতভাগ পাসসহ উপজেলায় শীর্ষ স্থান অর্জনকারী এ মাদ্রাসার সাফল্য অক্ষুণ্ন রাখার জন্য পাঠদান অব্যাহত রাখতে ক্ষতিগ্রস্ত শ্রেণি ঘর দুটি অনতিবিলম্বে পুনর্নির্মাণ ও পাকা ভবন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন।
