বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ভালুকায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে গতকাল বুধবার সকালে গাছ থেকে পড়ে ইছাহাক তালুকদার (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। তিনি জাম পড়ার জন্য গাছে উঠলে পা পিছলে গুরুতর আহত হন। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
আড়াইহাজারে সিলিন্ডার বিস্ফোরণে খেলনা বিক্রেতার মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার সদরের কৃষ্ণাপুরা এলাকায় গতকাল বুধবার সকালে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে কাউসার (২৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। কাউসার এলপি গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বেলুনে ভরে বিভিন্ন খেলার সামগ্রী বিক্রি করতো। ঘটনার দিন বাড়ির পাশের একটি পুকুরে সিলিন্ডার পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে কাউসারের দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পাকুন্দিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ব্রহ্মপুত্র নদের পাড় থেকে গতকাল বুধবার অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি মো. জাকির রাব্বানী বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সাটুরিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার ভোর রাতে বিদ্যুত্স্পৃষ্টে জরিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। ভেজা কাপড় ঘরের আড়ায় শুকাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাজীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
গাজীপুর মহানগরীর ছয়দানা পুকুরপাড় এলাকায় গতকাল বুধবার ভোরে অগ্নিদগ্ধ হয়ে ফাহিম নামে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার পিতা জুয়েল মিয়া (৩২) ও মাতা মুন্নী বেগম (২৫) অগ্নিদগ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বসত ঘরে মশার কয়েল থেকে আগুন মশারি ও বিছানায় লেগে তারা অগ্নিদগ্ধ হন।
সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে সানি মিয়া (৫) নামে এক শিশু মারা গেছে। বাবা-মার সাথে সানি দু’দিন আগে নানা বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন সে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
