উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও ইউএনও’র মধ্যে মতবিরোধ তুঙ্গে উঠায় উপজেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ যোগদানের পর থেকে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে উপজেলা পরিষদের কার্যক্রমে সংসদ সদস্যের সাথে দূরত্ব সৃষ্টি করায় এ অবস্থা বিরাজ করছে। ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান জামায়াতের মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা মামলাজনিত কারণে গত ২৮ এপ্রিল শপথ অনুষ্ঠানে গ্রেফতার হন। মহিলা ভাইস চেয়ারম্যান জেপি (মঞ্জু) সমর্থিত রেজিয়া বেগম যথাসময়ে শপথ নিলেও অদ্যাবধি তাকে দায়িত্ব দেয়া হয়নি। এদিকে ইউএনও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশার সাথে পরামর্শক্রমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক ডাকলেও গত ২ মাস থেকে তা স্থগিত করে দেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এব্যাপারে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন জানান, ইউএনও উপজেলা পরিষদ আইনের বিধিমালা উপেক্ষা করে উপজেলা পরিষদের বৈঠক ডাকলে তা তিনি মেনে নিতে পারেন না। ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, সংসদ সদস্যের ডিও লেটার হাতে পাওয়ায় আহ্বানকৃত উপজেলা পরিষদের পর পর ২টি মাসিক বৈঠক স্থগিত করতে বাধ্য হয়েছি।
