বিভিন্ন স্থানে চার খুন

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:৫০
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বড়াইগ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল বুধবার সকালে স্ত্রীর হাসুয়ার আঘাতে সেলিম হোসেন (২৭) এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন খাতুনকে আটক করা হয়েছে। নেশাগ্রস্ত সেলিম নেশার টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতো। ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়াসমিন হাসুয়া দিয়ে সেলিমের মাথায় ও গলায় কোপ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, এ ঘটনায় নিহতের মা সানোয়ারা বেগম থানায় একটি মামলা করেছেন। রামগঞ্জে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী খুন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পূর্ব আঙ্গারপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় আমেনা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এলাকাবাসী জানান, আবদুল মোতালেবের সাথে একই বাড়ির মো. আব্বাছ হোসেনের স্ত্রী শামছুন্নাহারের সাথে অবৈধ সম্পর্কের জের ধরে স্ত্রী আমেনা বেগমকে প্রায়ই মারধর করতো। গত মঙ্গলবার আবদুল মোতালেব স্ত্রী আমেনা বেগমকে তিন দফা মারধর করেন। ঘটনার দিন ভোরে লোকজন কাঁঠাল গাছে আমেনার অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে আবদুল মোতালেব ও ভাবি শামছুন্নাহার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তদন্ত কর্মকর্তা এস আই আমির হোসেন জানান, লাশের গলায় দাগ রয়েছে। ময়না তদন্তের পর মূল ঘটনা জানা যাবে। গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার গাইবান্ধা সদরের পূর্ব কোমরনই এলাকা থেকে গতকাল বুধবার শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে রিকশাচালক শফিকুল ইসলামের প্রাক্তন স্ত্রীর আত্মীয়রা তাকে মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। বুধবার শেষ রাতে তিনি মারা যান। সদর থানার ওসি রাজিউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মনোহরগঞ্জে চোরের হাতে গৃহবধূ খুন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে গত মঙ্গলবার রাতে চোরের ছুরিকাঘাতে শিউলী বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চোর দিদারকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত আড়াইটায় একদল চোর সিঁধ কেটে বাহরাইন প্রবাসী আবদুল হান্নানের ঘরে ঢুকে। এ সময় প্রবাসীর স্ত্রী শিউলী বেগম চোর দিদারকে চিনতে পেরে চিত্কার দেয়। এতে দিদার ছুরি ও দা দিয়ে শিউলি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রথমে লাকসাম সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। মনোহরগঞ্জ থানার ওসি আবদুল হাই সরকার জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত দিদার হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।