মনপুরায় বিন্দিজালে ধ্বংস হচ্ছে রেণু পোনা

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:২৮
ক্ষতিগ্রস্ত সাধারণ জেলেরা মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা উপজেলার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে অবৈধভাবে বিন্দিজাল দিয়ে ইলিশ, পোয়া, চিংড়িসহ কয়েক হাজার প্রজাতির মাছের রেণু পোনা নষ্ট করছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা। রেণু পোনা নষ্ট হওয়ায় হুমকির মুখে জাতীয় মত্স্য সমপদ। রেণু পোনা রক্ষায় মত্স্য কর্মকর্তাদের কোন ভূমিকা না থাকায় সাধারণ জেলেরা হতাশ। মেঘনা নদীর মাঝখানে ও ডুবোচর এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁশ ও গাবের খুঁটি দিয়ে এলাকা দখল করে মাছ শিকার করছে বিন্দিজাল জেলেরা। বাঁশ ও খুঁটিতে সাধারণ জেলেদের জাল বেঁধে গেলে তা নদীতে রেখে আসতে হয়। এভাবে অনেক জেলের শেষ সম্বলটুকু জাল হারিয়ে অনেকে এখন নিঃস্ব। বিন্দিজাল দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের রেণু ধ্বংস হচ্ছে। ফলে সাধারণ জেলেরা নদীতে মাছ পাচ্ছে না। উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল বাসার জানান, বাজারে ঢোল দিয়ে বিন্দি জাল না বসানোর নির্দেশ দেয়া হয়েছে। অচিরেই বিন্দিজাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।