লক্ষ্মীপুরে যুবক অপহরণ

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:১৮
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর থেকে রিজবী আহম্মদ খলিল (২৭) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের দু’ঘন্টা পর অপহরণকারীরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন রিজবীর পরিবারের সদস্যরা। অপহূত রিজবী বশিকপুর গ্রামের ব্যবসায়ী শহীদ উল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দু’টি সিএনজি চালিত অটোরিকশায় এসে ৮/১০জন অস্ত্রধারী দুর্বৃত্ত রিজবীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রিজবীর মামি হাওয়া বেগম বলেন, মুক্তিপণের টাকা পার্শ্ববতী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের সোমপাড়া খার দীঘির পাড়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় চাটখিল উপজেলার সোমপাড়া এলাকার খোরশেদ বাহিনীকে দায়ী করেছে রিজবীর স্বজনরা। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, অপহূত যুবককে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।