বর্তমানে রাজধানী ঢাকার একজন গ্রাহক পাশেই বসে থাকা একজনকে ই-মেইল করলে তা সিঙ্গাপুর ঘুরে আসে। এতে বৈদেশিক মুদ্রার পাশাপাশি বিপুল পরিমাণ ব্যান্ডউইথের অপচয় হয়। তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়। কিছুদিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে ডেটা স্থানান্তরের জন্য এভাবে আর আন্তর্জাতিক রুট ব্যবহার করতে হবে না। দেশের কনটেন্ট স্থানীয়ভাবেই স্থানান্তর হবে। এই কাজ করতে দু’টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠান দু’টি কাজ শুরু করবে বলে জানিয়েছে বিটিআরসি।
গতকাল বুধবার বিটিআরসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নভোকম ও বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্টকে (বিডিআইএক্স) বাংলাদেশ ইন্টারনেট একচেঞ্জ (এনআইএক্স) লাইসেন্স দেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস। এ সময় নভোকমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক ও বিডিআইএক্সের মহাসচিব ড. মো. আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লাইসেন্স দু’টি গ্রহণ করেন।
