নূর হোসেনের গ্রেফতার নিশ্চিত করলো দিল্লি

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:২৪
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি। তাকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেনের গ্রেফতারের বিষয়টি ভারত ভার্বাল নোট আকারে জানিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দিল্লি নূর হোসেনের ব্যাপারে আরো কিছু তথ্য চেয়েছে। সরকার সেসব তথ্য সংগ্রহ করছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে। এর আগে ভারতে নূর হোসেনের গ্রেফতারের বিষয়ে জানতে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ ব্যাপারে জানতে চায় ভারতের কাছে। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইহাটির কৈখালীর ইন্দ্রপ্রস্থ অ্যাপার্টমেন্ট থেকে নূর হোসেন এবং তার দুই সঙ্গী সেলিম ও সুমন গ্রেফতার হয়। ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গত রবিবার এ মামলায় পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছে। আগামী ২৩ জুন তাদেরকে আদালতে হাজির করা হবে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন জানিয়েছেন, নূর হোসেনের ব্যাপারে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নারায়ণগঞ্জ পুলিশ তার বিরুদ্ধে যেসব অভিযোগ বা মামলা রয়েছে তার বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য ভারতীয় হাইকমিশনকে দেয়। এরপরও নূর হোসেন সম্পর্কে দিল্লি আরও কিছু তথ্য জানতে চেয়েছে। সেসব তথ্য সংগ্রহ করে দ্রুত পাঠানোর ব্যবস্থা হচ্ছে।