ইরাকে কর্মরত ভারতীয় ৪০ নাগরিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরাকের বাগদাদ ভিত্তিক একটি কোম্পানির নির্মাণ শিল্পের শ্রমিক তারা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে তাদের অপহরণ করা হয়। গত সপ্তাহে এই শহরটি জঙ্গিরা দখল করে নেয়। গতকাল বুধবার ভারতর পররাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য জানায়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জানিয়েছেন, তারা এখন পর্যন্ত (গতকাল রাত পর্যন্ত) অপহূতদের অবস্থান শনাক্ত করতে পারেননি। তিনি সাংবাদিকদের বলেন, সর্বাত্মক চেষ্টা চালানোর পরও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আকবর উদ্দিন আরো বলেন, শ্রমিকদের অপহরণের দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে যে তাদের অপহরণ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক বিষয়ে তথ্য দিতে নয়াদিল্লিতে একটি সার্বক্ষণিক তথ্য সেবা কেন্দ্র চালু করেছে এবং এ ব্যাপারে বাগদাদে তাদের দূতাবাসকে সহযোগিতা করতে ইরাকে সাবেক একজন দূতকে পাঠানো হয়েছে। অপহূত শ্রমিকদের বেশিরভাগই পাঞ্জাবের। এছাড়া তিকরিতের একটি হাসপাতালে সহিংসতায় অন্তত ৪৬ ভারতীয় নার্স আটকা পড়েছে। ইরাকে প্রায় দশ হাজার ভারতীয় নাগরিক কাজ করে।
